পবিত্র কোরআনের প্রতি শিশু-কিশোরদের ভালোবাসা তৈরি এবং কোরআন মুখস্থ করতে উৎসাহিত করার লক্ষ্যে রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা।
এতে তুরাগ, উত্তরা, দক্ষিণখান, উত্তরখান ও বিমানবন্দর থানা এলাকার প্রায় এক হাজার শিশু-কিশোর অংশ নেয়।
বুধবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রকল্প পরিচালক খালিদ সাইফুল্লাহ বকসী। পরিচালনা করেন প্রতিযোগিতার পরিচালক মাওলানা এ এম এম কামালুদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালিমুল কোরআন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, কোরআন নিয়ে আলোচনা এবং হিফজ নিয়ে প্রতিযোগিতা আয়োজন আনন্দের বিষয়। আল-কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যা মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ওপর নাজিল হয়েছে।
আরও পড়ুন
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশে সবচেয়ে বেশি সম্মান পাবেন আমাদের হাফেজে কোরআন ও ওলামায়ে কেরামগণ। আমরা শিশুদের মধ্যে কোরআন মুখস্থ করার উৎসাহ এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে চাই।’
এ আয়োজনের পৃষ্ঠপোষকতার জন্য মোহাম্মদ সেলিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মাওলানা আব্দুল হালিম বলেন, ‘আগামী দিনের নগরপিতা যিনি হবেন, আমরা দেখবো তিনি কোরআন তিলাওয়াত করতে পারেন কি না। আমরা সৎ মানুষ চাই, যারা আলেম-ওলামাদের সম্মান করবেন। এমন নেতৃত্ব চাই, যারা সমাজের সবচেয়ে বড় সমস্যা মাদক, দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কথা বলবেন এবং এগুলো নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ করবেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক জামাল উদ্দিন ও মাহবুবুল আলম। এছাড়া ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবু বকর সিদ্দিক এবং ১ নম্বর ওয়ার্ডের মাহফুজুর রহমান, ৫৪ নম্বর ওয়ার্ডের শফিকুল ইসলাম ও ৪৮ নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার বিচারকার্যে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, হাফেজ মাওলানা আবু তাহের গুলজারসহ ২৮ জন বিচারক।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি, হিফজে উৎসাহ দেওয়া এবং কোরআনভিত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এমইউ/এমএমকে







