ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ড ৭১ হাজার ৬৬টি আবেদন জমা পড়েছে। বোর্ডের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহাদত উল্লাহ।
তিনি জানান, গত ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পান। এ সময় বোর্ডের বিভিন্ন বিষয়ে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে।
বোর্ড সূত্রে জানা গেছে, পুনর্নিরীক্ষণের জন্য সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে। এরপর রয়েছে গণিত ও রসায়ন। প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থীও ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।
এর আগে, গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। মোট ১ লাখ ৯ হাজার ৬১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬০ হাজার ২৭৪ জন। এর মধ্যে ছাত্র ২৮ হাজার ৩৭২ জন এবং ছাত্রী ৩১ হাজার ৯০২ জন।
এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭০০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন। এ ছাড়া বোর্ডের অধীন ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহাদত উল্লাহ জাগো নিউজকে বলেন, ‘১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়েছে। এ সময়ে মোট ৭১ হাজার ৬৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ইংরেজি বিষয়ে সবচেয়ে বেশি আবেদন এসেছে। এরপর গণিত ও রসায়ন বিষয়ে আবেদন বেশি হয়েছে।’
তিনি বলেন, ‘শুধু অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীরাই নন, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকেও অনেকে পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।’
অধ্যাপক মো. শাহাদত উল্লাহ আরও বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আবেদনগুলো যাচাই-বাছাই করে ফল পুনর্নিরীক্ষণ করা হবে। এ প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হলে তা যথাযথ নিয়মে প্রকাশ করা হবে।
হোসাইন সুলভ/কেএইচকে/জেআইএম







