মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | সময়: সকাল ১০:৪৭

এক তরফা তারিখ ঘোষণায় ঘরোয়া ফুটবলে নতুন জটিলতা

ঘরোয়া ফুটবল শুরু নিয়ে জটিলতা যেন কাটছেই না। ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়ানোর কথা ছিল ফুটবল। ফেডারেশন কাপ শুরুর কথা ছিল ২৫ আগস্ট, লিগ তার তিনদিন পর। তবে সেই ঘোষণায় আর নেই বাফুফে। বসুন্ধরা কিংস ও আবাহনীর ফিফা সাসপেনশনের ঘটনায় চ্যালেঞ্জ কাপ আগেই বাতিল করা হয়েছে। আবাহনী ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলেও বসুন্ধরা কিংসের মাথার ওপর এখনো ৫টি নিষেধাজ্ঞা।
বাফুফের প্রফেশানাল লিগ কমিটি ক্লাব লাইসেন্সিং ও খেলোয়াড় তালিকা জমা দেওয়ার তারিখ তাই বারবার পেছাচ্ছে। দলবদলের শেষ সময় নির্ধারণ আছে ৩ সেপ্টেম্বর। ফুটবল মাঠে গড়ানোর তারিখ ২৫ আগস্ট থেকে পিছিয়ে ১৮ সেপ্টেম্বর করে ক্লাবগুলোকে চিঠি দিয়েছে বাফুফে। ১৮ সেপ্টেম্বর শুরু হবে লিগ এবং ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ। তবে নতুন ঘোষিত এ সময়ে ফুটবল মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। ক্লাবগুলো এ সময় খেলতে রাজি নয়।
কেন রাজি নয়, তার কারণ জাতীয় দলের অ্যাসাইমেন্ট। শনিবারই নিশ্চিত হয়েছে বাংলাদেশ খেলবে ফিফা আসিয়ান কাপে। ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প কবে শুরু হবে তার ওপর নির্ভর করবে ঘরোয়া ফুটবলের ধারাবাহিকতা।
ক্লাবগুলো আগেই বাফুফের কাছে দাবি করে রেখেছিল, এমনভাবে যেন ঘরোয়া ফুটবল শুরু করা হয় যাতে লিগ একটানা চলতে পারে। না হলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা নিশ্চিত যে, ১৮ সেপ্টেম্বর ফুটবল মাঠে গড়ানোর পরই জাতীয় দলের আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টের জন্য বন্ধ হয়ে যেতে পারে। যদিও এবার নাকি জাতীয় দলের খেলার সময়ও ঘরোয়া ফুটবল চলবে। তবে সেটা হয়তো কিছু ক্লাব মানবে না। বিশেষ করে যে ক্লাবগুলোর বেশি খেলোয়াড় ডাক পাবেন জাতীয় দলে।
তাহলে কী হবে? এ বিষয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া শনিবার জাগো নিউজকে বলেন, ‘আমরা বাফুফেকে বলেছিলাম এমনভাবে খেলা যেন শুরু করা হয় যাতে লম্বা একটা সময় টানা চলতে পারে। কিন্তু হঠাৎ করে যে তারিখ ঘোষণা করা হয়েছে তা আমাদের ক্লাবগুলোর সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই। তাই এই তারিখে আমাদের পক্ষে খেলা সম্ভব না। খুব তাড়াতাড়ি বাফুফেকে চিঠি দিয়ে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেবো।’
মোহামেডানের শীর্ষ স্থানীয় এই কর্মকর্তার কথায় ঘরোয়া ফুটবল যে নতুন ঘোষিত তারিখে শুরু হবে না, তার আভাস পাওয়া গেলো। কেবল মোহামেডানই নয়, অন্যান্য ক্লাবগুলোও যাচ্ছে লিগে যেন বারবার ব্যাঘাত না ঘটে। কারণ, ক্যাম্প শুরু করলেই প্রতিদিন তাদের বড় একটা খরচ আছে। যে কারণে এখনো বেশিরভাগ ক্লাব তাদের ক্যাম্প শুরুই করেনি।
আরআই/এমএমআর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট