রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | সময়: বিকেল ৬:৫১

সৌদিতে হুথিদের হামলা, মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

সৌদি আরবের জাজান প্রদেশে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এই হামলায় একটি মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সৌদির সিভিল ডিফেন্স জানায়, হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র (মিসাইল) কিংবা ড্রোন জাজানে আঘাত হানে। এই প্রদেশটি ইয়েমেনের সীমান্ত লাগোয়া। হুথিদের হামলায় জাজানের আল-তুয়াল জেলায় বেশ কয়েকটি গাড়িও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্সের মুখপাত্র বেসামরিক অবকাঠামোতে হুথিদের হামলাকে ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন।
এদিকে হুথি বিদ্রোহীরা জানিয়েছে তারা সৌদির নাজরান প্রদেশের শারুরাহর সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদি আরবে সবচেয়ে বড় হামলা চালায় হুথিরা। এদিন তারা আবহা, খামিস মুসাইত, জিজান ও নাজরানকে টার্গেট করে। এতে নারী ও শিশুসহ ৭৩ জন আহত হন।
গত সপ্তাহে হুথি বিদ্রোহীরা লোহিত সাগর তীরবর্তী উপকূলীয় অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। তারা কয়েকদিনের মধ্যেই ইয়েমেনি সেনাদের থেকে কয়েকশ কিলোমিটার বিস্তৃত অঞ্চল দখল করে নিয়েছে। এতে ইয়েমেন সরকার লোহিত সাগরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।
লোহিত সাগরের নিয়ন্ত্রণ দখলের এই অভিযানে ৫০০- এরও বেশি মানুষ নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ।
সূত্র: আল-জাজিরা
এমটিআই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট