মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৩২টি স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে অভিযানের শুরুতে স্থানীয় অবৈধ দখলদারদের বাধার মুখে পড়ে উচ্ছেদ কার্যক্রম।
উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে খাবারের হোটেল, চায়ের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় লঞ্চঘাটের প্রবেশমুখ ও আশপাশের জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, রোববার সকালে উচ্ছেদ অভিযান শুরু হলে স্থানীয় ব্যবসায়ীরা এতে বাধা দেন। এ নিয়ে কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পর্যায়ক্রমে অভিযান চালিয়ে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, তাদের কোনো ধরনের আগাম নোটিশ না দিয়ে হঠাৎ করে অভিযান চালানো হয়েছে। এতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় এর আগেও উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পুনরায় সেখানে অবৈধ স্থাপনা গড়ে ওঠে। এ কারণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে আবারও এ ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠলে একইভাবে উচ্ছেদ করা হবে।
অভিযানে নেতৃত্ব দেওয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। লঞ্চঘাটের জায়গা দখল করে যাতে ভবিষ্যতে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে নজরদারি করা হবে।
শুভ ঘোষ/কেএইচকে/এএসএম







