বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | সময়: দুপুর ১২:৫১

‘মুরগি আগে নাকি ডিম’ উদাহরণ টেনে ১৮ উইকেটের যা ব্যাখ্যা দিলেন স্টার্ক

ম্যাকাই টেস্টের প্রথম দিনেই দুই দলের ১৮ ব্যাটারকে সাজঘরে ফিরতে হয়েছে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের পেসারদের দাপটে দিনভর উইকেটের মিছিল দেখা গেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এমন পিচ কি টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ?
তবে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক উইকেট নিয়ে নেতিবাচক কিছু দেখছেন না। বরং তার মতে, ১৮ উইকেট পড়ার পেছনে পিচের চেয়ে বোলারদের কার্যকর বোলিংই বেশি দায়ী।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে স্টার্ক বলেন, ‘মানুষ হয়তো ভাববে ১৮ উইকেট মানেই খারাপ উইকেট। তবে আমার মতে প্রথম দিনের হিসেবে এটা বেশ ভালো উইকেট ছিল। এটা অনেকটা গ্যাবার (ব্রিসবেন) উইকেটের মতোই আচরণ করেছে। প্রথম দিনে গ্যাবায় যেমনটা টেনিস বলের মতো একটু বাড়তি বাউন্স দেখা যায়, আজকেও ঠিক তেমনই ছিল।’
আগামী দিনগুলোতে উইকেট আরও ব্যাটিংবান্ধব হতে পারে বলেও মনে করছেন স্টার্ক। তিনি বলেন, ‘আজকে দিনের শেষের দিকে বা আগামীকাল আশা করছি এটা আরও কিছুটা দ্রুত হবে। বলের শক্ত ভাবটা কিছুটা কমে গেলে সোজা ব্যাটে খেলা সহজ হয়। তবে আজ বল সারা দিনই সুইং করেছে। আজকের ক্রিকেটটা বেশ এলোমেলো মনে হলেও, আমি বলব উইকেটের চেয়ে ভালো বোলিংয়ের কারণেই ১৮টি উইকেট পড়েছে।’
উইকেট থেকে পাওয়া বাড়তি সুবিধাকে কাজে লাগিয়ে কীভাবে বাংলাদেশের ব্যাটারদের চাপে রাখা হয়েছে, সেটিও ব্যাখ্যা করেছেন এই অজি পেসার।
স্টার্ক বলেন, ‘আমরা ড্রাইভে রান দিতে রাজি ছিলাম। কারণ ব্যাটাররা ধৈর্য ধরে খেলছিল, তবে উইকেটের সাহায্যের কারণে বল ফুল লেংথে ফেলে সুইং করাতে পারলে স্টাম্প ও ব্যাটের কানায় বল লাগার সুযোগ বেশি ছিল। শেষ পর্যন্ত কাজটা সফল হয়েছে। গত সপ্তাহের থেকে খুব বেশি পরিবর্তন আমাদের করতে হয়নি। তারা ধৈর্য ধরে খেলবে এবং বাইরের বল ছাড়বে-এটা জানা কথা ছিল। তবে আজকের উইকেটে গত সপ্তাহের চেয়ে বেশি সাহায্য ছিল, আমরা কিছু ক্যাচ ধরেছি এবং উইকেট তুলে নিয়েছি।
দিনের শেষেও বলের মুভমেন্ট অব্যাহত ছিল জানিয়ে স্টার্ক বলেন, ‘আমরা দিনের শেষ দুই ওভারেও বল সুইং করতে দেখেছি। সুতরাং, বল যখন সোজা না গিয়ে মুভ করে, তখন ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়। এখন মুরগি আগে না ডিম আগের মতো। ভালো বোলিংয়ের কারণে নাকি কন্ডিশনের জন্য, তা বলা কঠিন।’
এসকেডি/এমএমআর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট