ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন গ্রাহকরা। একই সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচিতে এসব দাবি জানানো হয়।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ না থাকায় প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়ছে। তাই দ্রুত পরিচালনা পর্ষদ পুনর্গঠন করতে হবে।
তিনি বলেন, প্রশাসন যতক্ষণ পর্যন্ত কর্মসূচির বিপরীত অবস্থানে থাকা পক্ষ বা বহিরাগতদের সরিয়ে না দেবে, ততক্ষণ গ্রাহকদের অবস্থান কর্মসূচি চলবে।
কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকদের ওপর হামলার অভিযোগ তুলে সচেতন গ্রাহক ফোরামের সহ-সভাপতি মুতাসিম বিল্লাহ বলেন, যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি।
আরও পড়ুন
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ
এদিকে ইসলামী ব্যাংকের পল্টন শাখার এক গ্রাহক জানান, তিনি দীর্ঘ নয় বছর ধরে ব্যাংকটির নিয়মিত ও সনদপ্রাপ্ত ব্যবসায়ী গ্রাহক। তবে ব্যবসার প্রয়োজনেও এখন ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ তুলতে পারছেন না।
তিনি অভিযোগ করেন, গত কয়েক বছরে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি ও উৎপাদনশীল খাতকে দুর্বল করতে ইসলামী ব্যাংককে ধ্বংসের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তাদের ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে। হামলায় আহত হওয়ার পরও দাবির সঙ্গে সংহতি জানাতে তিনি কর্মসূচিতে যোগ দিয়েছেন।
দেশের অর্থনীতি ও কর্মসংস্থান রক্ষায় দ্রুত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করে ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ইএআর/এমআইএইচএস/







