রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির তাদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে শিক্ষার্থীদের গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজ দিন’ বই উপহার দিয়েছে। এতে নবীনবরণের নামে একাত্তরের চিহ্নিত যুদ্ধাপরাধী গোলাম আযমকে স্বাভাবিকীকরণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বাম সংগঠনগুলোর।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে বইটি উপহার হিসেবে দেওয়া হয়।
বইটি উপহার হিসেবে দেওয়ায় সমালোচনা করে বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘বেশ কয়েক বছর ধরে একাত্তরের যুদ্ধাপরাধীদের নর্মালাইজেশনের প্রক্রিয়া চলছে। শিবিরের নবীনবরণে মাথাপিছু সহস্রাধিক টাকা খরচ হয়েছে। এটা কোনো শিক্ষার্থী সুলভ সংগঠনের কর্মকাণ্ড নয়। এখানে দেশি-বিদেশি বাংলাদেশ বিরোধী শক্তির বিনিয়োগ নেই- তার নিশ্চয়তা কী?’
তিনি আরও বলেন, ‘আমরা হস্তক্ষেপমুক্ত রাজনৈতিক অঙ্গন চাই। তবে দেশবিরোধী অ্যাজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে তদারকি জরুরি।’
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাবি শাখার সদস্য সচিব ওয়াজিদ শিশির অভি বলেন, ‘গোলাম আযমের বই বিতরণকে আমরা নিছক বই উপহার হিসেবে দেখছি না। এটি তার রাজনৈতিক ও মতাদর্শিক পুনর্বাসনের চেষ্টা। ক্যাম্পাসে প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান ঠেকাতে লেজুড়বৃত্তিমুক্ত ও প্রকৃত গণতান্ত্রিক ছাত্র আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।’
শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘এটা নিয়ে আমরা এখন কথা বলতে চাচ্ছি না। যখন এটা নিয়ে সমালোচনা তৈরি হবে, তখন আমরা এটার ক্লিয়ারেন্স দেব। যতক্ষণ বিতর্ক সৃষ্টি হচ্ছে না, ততক্ষণ এটা নিয়ে কথা বলার প্রয়োজন বোধ করছি না।’
মিরাজ হোসেন/এসজেডএইচ/জেআইএম







