দেশের ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষকদের বদলির সুবিধার্থে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের শূন্যপদের তালিকা প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এতে প্রায় ৪০০ মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ শূন্য রয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাতে মাদরাসা অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন ও অধ্যক্ষ-উপাধ্যক্ষ শূন্য প্রতিষ্ঠানের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকায় দেশের বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার শূন্য থাকা অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদগুলোর বিবরণ তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন
এনটিআরসিএ’র শিক্ষক নিয়োগ কীভাবে, নির্ধারণে সভা ১ সেপ্টেম্বর
অধিদপ্তর সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকরা এ তালিকা অনুযায়ী তাদের পছন্দের প্রতিষ্ঠানে বদলির জন্য প্রয়োজনীয় নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
অধ্যক্ষ-উপাধ্যক্ষ না থাকা চার শতাধিক মাদরাসার তালিকা দেখুন এখানে।
এদিকে, দেশের মাদরাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে আজ। রোববার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে এ আবেদন শুরু হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত করতে পারবেন শিক্ষকরা।
গত ২৭ আগস্ট মাদরাসা শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, সফটওয়্যারভিত্তিক বদলি কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি করা হবে। নীতিমালা ২০২৬-এর বিধি ৩.১৯ অনুযায়ী জনস্বার্থে বদলিতে এমপিওভুক্ত শিক্ষকদের কাছ থেকে শূন্যপদে ম্যানুয়ালি (হার্ডকপি) আবেদন নেওয়া হবে।
আরও পড়ুন
কারিগরি শিক্ষকদের বদলিও শুরু হচ্ছে, অধিদপ্তরের নতুন নির্দেশনা
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত শূন্যপদের তালিকা থেকে পছন্দের মাদরাসা নির্বাচন করে নির্ধারিত ছক অনুযায়ী আবেদন করতে হবে।
আবেদনের সঙ্গে আবেদনকারী ও স্পাউসের (স্বামী বা স্ত্রী) জাতীয় পরিচয়পত্র, আবেদনকারীর বর্তমান পদের প্রথম ও শেষ এমপিওর কপি, বর্তমান কর্মস্থলে যোগদানপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে স্পাউসের কর্মস্থলের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। আবেদন করতে হবে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর।
এএএইচ/ইএ







